কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো কর্মসূচির চেষ্টা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে র্যাব। রোববার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেন র্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান।
র্যাব-২ অধিনায়ক বলেন, ‘২৩ তারিখ কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে তারা নিজেরাই ঝুঁকিতে পড়বে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো। কাউকে ছাড় দেওয়া হবে না।’
সাংবাদিকের প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা কিন্তু সব স্টেশনে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে ঘিরে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে।’
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির নেতা-কর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে।