দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর থেকে দেশে ফিরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে যান তিনি।

এ সময় বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর দুজনের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে সরকারপ্রধান ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো গত রোববার বিদেশ সফরে যান তারেক রহমান।