সাইবার আইন সময়োপযোগী এবং আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত পরামর্শ নিয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার দুপুরে রাজধানীতে আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।’
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির প্রসঙ্গেও কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।