প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে সরকার বাংলা কিউআর কোড চালু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর কোড দিয়ে কেনাকাটার পর এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিগত সরকার জনগণের সঙ্গে প্রযুক্তি সম্মিলন ঘটাতে ব্যর্থ হয়েছে।
দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতা ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে কেনাকাটা করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে যান তথ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী গণমাধ্যমকে বলেন, প্রযুক্তি নির্ভর লেনদেন বাড়াতে এ ব্যবস্থা চালু করেছে সরকার। নতুন এই ব্যবস্থার ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই সুবিধা পাচ্ছেন। বেড়েছে লেনদেনও। এতে নেই খুচরা ও জালটাকার বিড়ম্বনা। শুধু স্মার্ট নয় ফিচার মোবাইল দিয়ে ও করা যাবে লেনদেন।
৩০ জুন ও ১ জুলাই–এই দুই দিনে এই বাংলা কিউআর কোড ব্যবহার করে ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। আর দেশে বাংলা কিউআরে রূপান্তরিত মার্চেন্ট কিউআর কোডের সংখ্যা ২০ লাখেরও বেশি বলে জানা গেছে।