বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানি শেষে আজ রায়ের এই তারিখ জানান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের শুনানির মাধ্যমে শেষ হয় শুনানি। রিটকারী সুজনের ড. বদিউল আলম মজুমদার ছাড়াও জামায়াতসহ ৩টি পক্ষ অন্তর্ভুক্ত রয়েছে।
শুনানিতে রিটকারী পুরো পঞ্চদশ সঙশোধনী বাতিল চাইলেও জামায়াতের আইনজীবীরা বলেছেন, সংশোধনীর ৫৫টি বিষয়ের মধ্যে সংবিধানের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো আদালতের মাধ্যমে বাতিল চান। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে যেগুলো জড়িত, সেগুলো সংসদের ওপরে ন্যস্ত করার আবেদন জানান তারা।
২০১১ সালে জুনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। সব মিলিয়ে ৫৫টি বিষয় যুক্ত করা হয়।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে এক রিটের শুনানি শেষে হাইকোর্ট আংশিক সংশোধনী অবৈধ ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক বাতিল করাসহ বেশ কিছু বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেওয়াহয়। তবে রিটকারী পুরোটা বাতিল চেয়ে আপিল করেন।