ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নেবেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারি পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় শপথ বাক্য পাঠ করবেন। জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ের পর সারোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম জানান, আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করেছেন। ফলে ইসির মনোনয়নপত্র বাতিলের আদেশ অবৈধ এবং তাঁর প্রার্থিতা বৈধ ছিল। তাই ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ নিতে আইনগত বাধা নেই।
তবে একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নিলেও সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল।
এর আগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর আপিলের পর ঋণখেলাপির অভিযোগে ইসি গত ১৮ জানুয়ারি সেই সিদ্ধান্ত বাতিল করে। পরে সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট করলে আদালত তাঁকে নির্বাচনে অংশগ্রহণ ও ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। এরপর আপিল বিভাগের আদেশে তাঁর ফলাফল প্রকাশ স্থগিত থাকে। আপিল বিভাগের নির্দেশে রিটের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন।