কর্তৃপক্ষ প্রকাশের আগেই ওয়েবসাইটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে জানানো হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করেছেন ওই কর্মকর্তা।
প্রজ্ঞাপনে জানানো হয়, এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েস, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-কে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ ৯ জুলাই ২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে ওই কর্মকর্তা বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।