তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি বহুদিন ধরে কাজ করছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সরকার এ নিয়ে অনেক দূর এগিয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছেন। যখন এই কাজ অনেক দূর এগিয়েছে, তখন ক্রেডিট নেওয়ার জন্য একটি দল স্ট্যান্ডবাজি শুরু করেছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, যারা স্ট্যান্ডবাজি করছে, তাদের এই স্ট্যান্ডবাজির রাজনীতি আর বাংলাদেশের মানুষ পছন্দ করে না।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন তাদের কোনো অস্তিত্ব ছিল না। এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না। কোনো কথাও ছিল না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি। বিএনপির বর্তমান চেয়ারম্যান লন্ডন থেকে এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।
সম্প্রতি দেওয়া বাজেট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর দেখা যায় বাজেট পাস হবার পরে দ্রব্যমূল্য বেড়ে যায়। চাল, ডাল সয়াবিন তেলসহ অন্যান্য পণ্যের। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা আর হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবীর প্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নীলফামারী জেলার ডোমার উপজেলা হতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশপথে দেবিগঞ্জ ডোমার সড়কের দোসীমানা এলাকায় এই গেটটি নির্মাণ করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যায়ে পঞ্চগড় গেট প্রকল্পটি মের্সাস মিডল্যান্ড কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে।