জাতীয় সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল, অসহায় মেধাবী শিক্ষার্থী, গরীব-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চেয়ার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন। এটাই হচ্ছে বিএনপি, এটাই তারেক রহমানের সরকার।’
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জেলা প্রশাসন ও দলের নেতাদের সরকারের অনুদান প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেওয়ার নির্দেশনা দেন।
পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য দেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।