কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি এ শোকবার্তায় স্বাক্ষর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ কাতারে সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।
তিনি আরও জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া, কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।