শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘দেশে ফেরার ক্ষেত্রে ছবিযুক্ত প্রমাণ লাগবে শেখ হাসিনার, সেটা দিল্লি বা ঢাকা সরবরাহ করতে পারে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা জরুরি। পলাতক হিসেবে দিল্লিতে আশ্রয় নিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা, তাঁর স্ট্যাটাস সম্পর্কে সরকারিভাবে ঢাকাকে এখনো কিছু জানায়নি ভারত।’
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। তিনি গণ-অভ্যুত্থানের সময় হওয়া অসংখ্য হত্যা মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের কথা জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফেরামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে