দক্ষ যুবশক্তি গড়ে তুললে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শনিবার সকালে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা লতিফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা যদি শুধু বলি–মাদক নেওয়া যাবে না, মাদক নেওয়া যাবে না। তাদের জন্য বিকল্প কিছুরও ব্যবস্থা করতে হবে। তাদের জন্য বিকল্প ব্যবস্থা যতক্ষণ আমরা না দিতে পারব, ততক্ষণ পর্যন্ত আমরা যুবকের হাতকে দক্ষকর্মীর হাতে রুপান্তর করতে পারব না। স্কিল আইটির মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে, সমৃদ্ধ হবে।’
তিনি বলেন, ‘আমাদের দক্ষ যুবশক্তি যখন গড়ে উঠবে তখন, যখন মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করতে পারব। লতিফ মাস্টার ফাউন্ডেশন যেসমস্ত প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের শুধু সমৃদ্ধি কামনা করছি না, সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম ও লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলু প্রমুখ।
পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল কৃষকদের মাঝে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এছাড়াও তিনি বাগেরহাটে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।