যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
‘জুলাইয়ের প্রত্যাশা ও বর্তমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই বিরোধী শক্তি এবং বর্তমান ক্ষমতালোভী শক্তির কেউ যদি দেশের গণতন্ত্র নষ্ট করতে চায়, তবে তাদের বিরুদ্ধে সবাই এক হয়ে ব্যবস্থা নেবে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর উত্থানকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জামায়াতের উত্থান হলে দেশে অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হবে।
আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে তিনি জানান, আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধে নতুন আইন আনা হবে।
মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে মব কালচার সৃষ্টি হয়েছে, কারণ আইনের শাসন পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছিল না; আর তা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করব, অন্যান্য সব জায়গায় সাংবিধানিক সংস্কার করব। আইনি সংস্কারের জন্য অধ্যাদেশ বা আইন প্রণয়নই যথেষ্ট। তবে সাংবিধানিক কাঠামো ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদের অনেকগুলো দফা আছে। বিভিন্ন ধরনের অপরাধ ও গুমের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী সংসদে গুম প্রতিরোধ আইন আনা হবে। সকল অংশীজনকে (স্টেকহোল্ডার) সঙ্গে নিয়েই আমরা সংবিধান সংস্কার আইন প্রণয়ন করব।’
আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলেও অনুষ্ঠানে পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।