রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।
বঙ্গভবনের এক কর্মকর্তা আগে বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্পিকার দেশে না থাকায় রাষ্ট্রপতি এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। স্পিকার দেশে ফিরলে তাঁর কাছে পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের উদ্দেশে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে সশরীরে উপস্থিত থাকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা সংবিধানে নেই। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করে দেওয়া মাত্রই তাঁর পদ শূন্য হয় এবং রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গেই স্পিকারকে দায়িত্ব নিতে হয়। সে জন্য স্পিকার দেশে ফিরলে একটি সময় ঠিক করে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন।