রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা, এ বিষয়ে তাঁর বক্তব্য কী– এমন প্রশ্নে স্পিকার বলেন, আপনারা যেরকম শুনেছেন আমিও সেরকমই শুনেছি। উনি (রাষ্ট্রপতি) কী করবেন না করবেন, আমি জানি না। কাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, তাই ফিরে এসেছি।
তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল; আমার কিছুই জানা নাই। এখন হয়তো জানতে পারব।
স্পিকার বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
আরেক প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী সংসদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়।