রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। প্রস্তুত আছে সংসদ সচিবালয়ও। এখন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেও বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে।
আজ শুক্রবার এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সূত্র বলছে, বিকেলের মধ্যেই পদ ছাড়তে পারেন রাষ্ট্রপতি।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন, স্পিকার সময় দিলে জমা দেওয়া হবে পদত্যাগপত্র। আর সংসদ সচিবালয়ের আইন শাখা জানিয়েছে, বিকেলের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ পত্র আসতে পারে স্পিকারের কাছে, প্রস্তুত রয়েছে সংসদ সচিবালয়ের আইন শাখা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকাতেও রাষ্ট্রপতির পদত্যাগ করতে যাচ্ছেন; এমন খবর প্রকাশিত হয়। এ অবস্থায় তাঁর পদত্যাগ করতে যাওয়ার খবর নিশ্চিত করেছে দায়িত্বশীল কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড থেকে সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি অবশ্য বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তিনি কিছু জানেন না।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নে স্পিকার এসময় আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
আরেক প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী সংসদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়।