পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান আসিফ নজরুল?

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, তাঁর মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে একজন যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলের নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন ব্যক্তিত্ববান, মধ্যপন্থী (মডারেট), সদাচারী ও সুবক্তা হিসেবে পরিচিত।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি সন্তানসম ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিতবে বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য আরও উপযুক্ত ব্যক্তি রয়েছেন বলেও উল্লেখ করেন আসিফ নজরুল। এরপরও সব দিক বিবেচনায় মির্জা ফখরুলই এগিয়ে থাকবেন বলে তাঁর মত।

পোস্টের শেষে তিনি লেখেন, রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সম্ভবত সেরা প্রার্থী হবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।