লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রায় পাঁচ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। যখন এক-দেড় বছর যাবে, তখন মানুষ আমাদের কাছে জবাবদিহি আশা করবে। এখন কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করে না, অপেক্ষা করছে। এখন তারা সহযোগিতা করছে, কাজটা শুরু করতে। কিন্তু সময় যেতে বেশিক্ষণ লাগে না।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সদরের পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসিনতার সাথে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা স্বত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন, রাস্তা সংস্কারমূলক কাজ করে না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।
পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসংশা করে বলেন, একমাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি। জেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। লক্ষ্মীপুরে রেল লাইন বাস্তবায়ন অসম্ভব ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছি। আশা করি অচিরেই এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে এ জেলাবাসী। সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সাথে জড়াবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা সবাই আশা করেছিলাম যে সরকারই থাকুক, আমাদের দাবির প্রতি সবাই সম্মান দেবে। নির্বাচনের এক মাসের মাথায় প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন এটি দীর্ঘদিনের প্ল্যান ছিল। প্ল্যানতো অনেক কিছুই থাকে, স্বপ্ন অনেক কিছুই থাকে। কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে সেই কাজটাকে দৃশ্যমান করে নিয়ে আসাটাই আসল ব্যাপার। সেজন্য প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন।
এছাড়া, আজ বিকেলে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বাধন করেন পানিসম্পদ মন্ত্রী। চরচামিতা এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বাধন করা হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, জেলা আইনজিবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জজ আদালতের এপিপি অ্যাভোকেট আবদুল আহাদ শাকিল, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি ও রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির প্রমুখ। এতে জেলার বিভিন্ন সুধীজন, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।