সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব সুবিধাই পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যা যা সুবিধা পাওয়ার সবই পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান।

গত শুক্রবার ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে ৬ মাসের নিরাপত্তাসহ আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন তিনি (মো. সাহাবুদ্দিন)। তবে রাষ্ট্রপতির পূর্বে দায়িত্ব পালনের সময়ে যদি কোনো অপরাধ করে থাকেন বা সে সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা থাকলে আইনানুগ প্রক্রিয়ায় তা চলবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিধিবিধান মতো দায়িত্ব পালন করেছন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচিত সরকারকেও তিনি সহযোগিতা করেছেন। তাই তাকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টোরথের দিন কাকতালীয়ভাবে মতিঝিলে বোমা পাওয়া যায়। উল্টোরথের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই।

এদিন সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ মানুষকে পুলিশের সেবা দেওয়ার মানসিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। বলেন, পুলিশ পদক তালিকায় ত্রুটি থাকায় পদক দেওয়া হয়নি।