সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ৫ হাজার বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই ভিসা বাতিল করা হয়, এ নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাস। ৫ হাজার ভিসা বাতিল হয়েছে সংখ্যাটি সঠিক নয়, বাংলাদেশিদের ভিসা বাতিলের সংখ্যা ৬২৬। ৪১৭ জনের ভিসা রিনিউ করার কাজ চলছে। হটলাইন চালু করা হচ্ছে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশীর সমস্যা সমাধানে।’
শামা ওবায়েদ বলেন, ‘যেই দেশে কর্মরত থাকবেন সেই দেশের আইন মেনে চলতে প্রবাসীদের অনুরোধ জানাই। শ্রম বাজার অক্ষুণ্ন রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রবাসীদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকে ভিসা আবেদনের সাথে জাল কাগজ সংযুক্ত করে, এটি আইনত দণ্ডনীয়।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয় পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা আরব আমিরাতে বাতিল হয়েছে। অভিবাসন আইন সংশোধন প্রয়োজন হলে সরকার সেটাও করবে। এছাড়া ভারত ও মিয়ানমারের আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কাজ করছে সরকার।’