শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি, জানাল ভারত 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত পররাষ্ট্রবিষয়ক কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইন ও প্রথা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি হয়েছিল ভারতের মানবিক ঐতিহ্য অনুযায়ী। কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কাউকেই দেওয়া হয় না। শেখ হাসিনার ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর নানা আলোচনা-সমালোচনার মুখে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত সরকার।

পার্লামেন্টের কমিটি জানায়, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি।