বিরোধীদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিরোদীদলের নেতারা আওয়ামী লীগের মতো সরকারকে অশান্তিতে রাখতে চায়। তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করেছে।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে পার্লামেন্টে কমিটি গঠিত হয়েছে। একটা দীর্ঘ সংগ্রাম, ফ্যাসিস্ট চলে গিয়েছে, অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার; জুলাই সনদ তৈরি করেছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটা মহল থেকে বলা হচ্ছে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে না, আমি তার তীব্র প্রতিবাদ করি ।
তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সবাই একসাথে কাজ করেছি । সাংবাদিকদের থেকে সর্বাত্মক সহায়তা পেয়েছি। বিএনপি একটি উদারপন্থী দল, ১৭ বছরে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেক নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে বিএনপি উন্নয়নের জন্য কাজ করে। জনগণের ম্যন্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। গণভোট ৪টি প্রশ্নের মধ্যে আমরা তিনটাতে একমত ছিলাম, একটি বাদে ।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি, জুলাইয়ের প্রতি অক্ষর পালন করার। পার্লামেন্টে কমিটি গঠন করা হয়েছে। শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে, তবে পার্লামেন্টে আলোচনা করতে হবে।
বিরোধীদলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, পার্লামেন্টের বাইরে কেন যাচ্ছেন? গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে বিরোধীদলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। কিছু জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার প্রতি আমরা নিন্দা জানাই।