কোনো ঠিকাদারের কথাতে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্প্রতি নেস্কোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার আলোচনার মধ্যে এ কথা বলেন মন্ত্রী।
আজ বুধবার দুপুরে শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাৎপর্য বিষয়ে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, ‘এখানে যারা চাকরি করেন, কিছু কিছু হাসিনার ফ্যাসিস্ট দালাল আছে, যারা এটি নিয়ে বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘কোন ঠিকাদার কে কি বললো, কী কোথায় যাবে। আমি বলি নো, দিস ইজ রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেস্কো কেন কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। রাজশাহী মাই ফাস্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র পোস্ট বড় কিছু নয়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।’
তিনি বলেন, ‘আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমরা এইখানে নির্বাচিত প্রতিনিধি। আমার অনেক দায়িত্ব রয়েছে। এই ভূমির জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো যেকোনো সময়। ভয় পাওয়ার কিছু নেই।’