রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় বাসভবনে থাকা পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে চিকিৎসার জন্য রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় দুটি এয়ার কন্ডিশনার (এসি) ও একটি স্ট্যান্ড ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।