গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামিয়ে দিতে চায়: প্রধানমন্ত্রী

গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে সমাবেশ ও বন্যা দুর্গতদের মাঝে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যেভাবে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ১৯৮৬ সালে যারা স্বৈরাচারের সাথে মিলে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল। সেই গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতিকে থামিয়ে দিতে চায়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। বিএনপি জনগণকে সাথে নিয়েই সামনে এগুতে চায়। দেশের জ্বালানি খাত নিয়ে বিএনপির নতুন পরিকল্পনা আছে।’

সমাবেশে উপস্থিত হবার আগে বিকেল সাড়ে চারটার দিকে হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসায় হেফাজতের সাবেক আমির আহমেদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এর আগে বাঁশখালী থেকে তিনি বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে পৌঁছান। সেখানে হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।