সৌদিতে আগুনে অন্তত ১২ বাংলাদেশির প্রাণহানি

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে অন্তত ১২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় ও ২ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে নওগাঁর ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, সৌদিতে সোফা কারখানায় আগুনের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের ৫ জন, বিষা গ্রামের ২ জন, দুবাই গ্রামের ২ এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আগুনের ঘটনায় নাটোরের নলডাঙ্গার খাজুরা গ্রামের দুই যুবকেরও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম হোসেন। এদিকে স্বজনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।