টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় ৩টি গ্রাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। সরকারের সহায়তা কর্মসূচি বিস্তৃত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এসডিজি পাইলট প্রকল্পের আওতায় নেওয়া ৩টি গ্রাম হলো– দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি গ্রাম।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির ৩১ দফা ও এসডিজি লক্ষ্যমাত্রার মধ্যে তেমন পার্থক্য নেই। দেশ পুনর্গঠনে এসডিজির সঙ্গে সমন্বয় করে ৫ বছরের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সরকারের সহায়তা কর্মসূচি পর্যায়ক্রমে বিস্তৃত হচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও জানান, নানা ক্যাটাগারিতে সহায়তা কার্ড ও ভর্তুকি দিচ্ছে সরকার। সব নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। সাময়িক স্থিতিশীলতা অর্জনে পুনর্বাসন, পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য সরকার থ্রি আর কৌশল নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।