আগামী ২০ আগস্ট দুপুরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া তুলে ধরেন ইসি সচিব। তিনি বলেন, ‘২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনেই অবস্থান করবেন। নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মকর্তারা তাঁদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।’
আখতার আহমেদ জানান, প্রতিটি ব্যালট পেপারে দুটি অংশ থাকবে। একটি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে। আরেকটিতে অর্থাৎ মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে এবং পাশে থাকা ফাঁকা স্থানে ভোটার তাঁর পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
ভোটারদের সুবিধার জন্য তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে। এর যেকোনো একটিতে তাঁরা ভোট দিতে পারবেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে। প্রাথমিকভাবে নির্ধারিত চার বা পাঁচজনের একটি গণক দল গণনা কার্যক্রমে অংশ নেবেন।
ইসি সচিব বলেন, ‘মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সরাসরি সবার সামনে ঘোষণা করবেন। পরে কমিশন সচিবালয়ে এসে অফিসিয়ালি ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।’
অধিবেশন কক্ষ থেকে ভোটের কার্যক্রমের সরাসরি সম্প্রচার করার সুবিধা থাকবে এবং সাংবাদিকদের বসার জন্য নির্ধারিত স্থানও রাখা হবে বলে জানান তিনি।