বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ সরকার। তনু হত্যার আসামিকেও বিচারের আওতায় এনেছে সরকার।
বিএনপি এবারের মতো আগেও ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর দেশে ক্ষমতায় বসেছে উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, সংসদে বিরোধী দলের নতুন সদস্যদের কারণে সমস্যা তৈরি হচ্ছে।
বিএনপির বিগত দিনের আন্দোলন–সংগ্রাম প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। হত্যা, গুম ও খুন করা হয়েছে আমাদের সহযোদ্ধাদের।
সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ৫ মাসে বর্তমান সরকার অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে, যা এখন সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেছেন। আমরা চলতি বছরের মধ্যে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা করেছি।
এ সম্পর্কে চিফ হুইপ আরও বলেন, কৃষি, বিদ্যুৎ সব ক্ষেত্রেই সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। যাতে কম খরচে অধিক উৎপাদন করা যায়।
স্বাধীনতা পরবর্তী প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, শেখ মুজিবুর রহমান নিজেকে সংবিধানের ঊর্ধ্বে নিয়ে যেতে চেয়েছিলেন। দেশে বাকশাল কায়েম করে স্বৈরাচার হতে চেয়েছিলেন।
বিগত আওয়ামী লীগ সরকার সম্পর্কে চিফ হুইপ বলেন, ফ্যাসিস্ট আমলে মানুষকে কথা বলতে দেওয়া হয়নি। লক্ষ–কোটি টাকা পাচার করা হয়েছে। মানুষের স্বপ্ন এবং আশা ভঙ্গ করেছিল আওয়ামী সরকার।
এ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি আরও বলেন, ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া এই অর্থ দিয়ে ৭টা বাজেট দিতে পারতাম আমরা। বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনব।