প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতকে সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে নয়াদিল্লির প্রতি বাংলাদেশের পক্ষে আহ্বান জানানো হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসময় তিনি আরও বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদিহত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।  

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

এক-দুই দিনের মধ্যে ঢাকা ও দিল্লি এই সফরের সময়সূচি চূড়ান্ত করতে পারে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তার প্রথম ভারত সফর।