কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে ভারত সরকার নিশ্চয়ই তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বুধবার কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ বাংলাদেশি নিহত হন।
সাক্ষাতের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই বৈঠকটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। ভারতে বাংলাদেশি নিহত হওয়ার প্রসঙ্গ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কোনো আলোচনা করেননি বলে জানান।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রীকে যে দাওয়াত দিয়েছেন, তা ভারতীয় হাইকমিশনার শুধু বলেছেন। তারা আশা করছেন প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।’