শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ আগস্ট দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন নির্ধারিত কিছু সড়কে সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ ও ডাইভারশন কার্যকর থাকবে।
অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ভিআইপি চলাচলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে নিম্নলিখিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে:
১। মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
২। শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।
৩। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
৪। হানিফ ফ্লাইওভার হতে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে।
তবে এসব ট্রাফিক কড়াকড়ি ও চলাচলের নিষেধাজ্ঞা শপথ অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিদের জন্য প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভিআইপি চলাচলের সুবিধার্থে সাময়িক এই পথ পরিবর্তন ও যাতায়াতে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সাথে নির্ধারিত সময়ে উক্ত এলাকা ও রাস্তাগুলো পরিহার করে বিকল্প রুট ব্যবহারে গাড়িচালক ও সাধারণ নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি।