কলকাতায় আগুনে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে একজন এবং বেনাপোল দিয়ে পাঁচজনের মরদেহ দেশে পৌঁছায়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সকালে সাতক্ষীরা জিরো পয়েন্টে এসে পৌঁছায় নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ। পুলিশ জানায়, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এছাড়া বিকেলে, কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্মিষ্ঠা দত্ত ও আকরাম আলীর মরদেহ এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ বেনাপোল সীমান্তে পৌঁছায়।
এদিকে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নিহত রেবতী সরকারের মরদেহ কলকাতায় সৎকার করা হয়েছে।