ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রীর 

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূল মোংলায় ফিজিবিলিটি স্টাডির জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওইসব কথা জানান। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা ঝুঁকিপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।

এই প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ শ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে।

এক প্রশ্নে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আগামী সপ্তাহে ইসিতে বৈঠক হবে।