সরকার চীনের তৈরি জে–১০ যুদ্ধবিমান কিনছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধ বিমানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। চীনের তৈরি জে–১০ ফাইটার কেনা হবে, সে পথে এগিয়ে যাচ্ছে সরকার। আগামী অর্থবছরের মধ্যে এ ক্রয় সম্পন্ন হবে।
এক প্রশ্নে তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে পরিষ্কার হতে চাইলে সরকার এ বিষয়ে খতিয়ে দেখবে।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানি পরিস্থিতি সহনশীল অবস্থায় আসতে দুই বছর সময় লাগবে। বিশ্ব বাজারে এলএনজির দাম দ্বিগুণ হয়েছে, এটি আরও বাড়লে সরকার ভর্তুকি দেবে না লোডশেডিং করবে সেটি ভাবা হচ্ছে।
উপদেষ্টা বলেন, কয়লায় বিদ্যুৎ উৎপাদনে সবোর্চ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোলার গ্যাস পাইপলাইন না এলএনজি–কোন পদ্ধতিতে আনা হবে তা নিয়ে সমীক্ষা হচ্ছে, দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।