বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটা থেকে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে তোলা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি বিল। 

সাধারণত বছরের এই সময়ে ডাকা সংসদের অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটি এই অধিবেশন কত দিন চলবে, তা ঠিক করবে। 

সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন ও পাস করা হতে পারে। এখন পর্যন্ত গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ তিনটি বিল সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা হয়েছে। আরও কয়েকটি বিল আসার কথা। সব মিলিয়ে এই অধিবেশন ১০–১১ কার্যদিবস চলতে পারে। 

মানবাধিকার কমিশনসহ বেশ কয়েকটি আইনের খসড়া নিয়ে ইতোমধ্যেই বিরোধী দলের মধ্যে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। তাই সংসদের এই অধিবেশনে দুটি বিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া দেশে বিদ্যমান বিদ্যুৎ-গ্যাস, সারসংকটের মতো বিষয় নিয়ে সংসদে বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে।