সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধী দলের হট্টগোল

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্নের জবাব দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়। সংসদে সুনির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে আলোচনা হতে পারে।’

তাঁর এই বক্তব্যের পরই হট্টগোল শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় সংসদের স্পিকার তাদের বারবার বসতে বললেও তারা হট্টগোল চালিয়ে যান। 

পরে এ নিয়ে কথা বলেন বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদ অধিবেশনে ‘তুচ্ছ, তাচ্ছিল্য’ করে কথা বলার অভিযোগ তোলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরবর্তীতে তাঁর বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে স্পিকার আশ্বাস দিলেও, তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে বলেন বিরোধী দলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, ‘সংসদের সৌন্দর্য ঠিক রাখতে ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। তা না হলে আমরা এখানে বসবো না।’

পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তাঁর একটি বক্তব্য নিয়েও আপত্তি জানান বিরোধী দলের নেতা।