ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছেন জামায়াত–এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ওয়াকআউটের কথা জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
এ সময় সরকারের বিরুদ্ধে একপেশেভাবে সংসদ পরিচালনার অভিযোগও তোলেন তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, গ্যাসের তীব্র সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এমন নানা বিষয়ে সংসদে আলোচনার জন্য সংসদ অধিবেশন আহ্বানের কথা বলা হলেও ডাকা হয়নি। সংসদ আহ্বান করা হয়েছে, কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে এই সংসদে কোনো সমাধান হয়নি।’
তিনি আরও অভিযোগ করেন, গণভোটের রায় মানা হয়নি; বরং ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টিকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সবকিছুতে সংসদকে একপেশেভাবে নিয়ে যাওয়া হচ্ছে।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা পুরো সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে কোনো প্রক্রিয়ার অংশ হতে চাই না। এজন্য আমরা এখন আর কোনো আলোচনায় অংশ নেব না, এই পর্বে আমরা ওয়াকআউট করছি।’