দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও শহীদদের পরিবারের পাশে থাকবে সরকার। এসময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অরাজনৈতিক ব্যক্তি ও তাদের পরিবারের অবদানের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এছাড়া যতোদিন পর্যন্ত বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় ততোদিন শহীদ পরিবারের সদস্যদের সমর্থন চান তিনি। তাদের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগ আরও এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।