ঢাকা শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ বড় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা (ইটিসি) চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর, কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে নেওয়া এবং অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাজধানীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত যাতায়াত নিশ্চিত করতে চার মাসের মধ্যে ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এ লক্ষ্যে একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ তৈরির কাজ চার মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূর্বের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন সুপারিশ জমার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।
রাজধানীর অভ্যন্তরীণ চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনালটি স্থায়ীভাবে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের মূল প্রকল্প শেষ হতে সময় লাগবে বলে আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ দ্রুত সম্প্রসারণের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া, শহরের কেন্দ্রাঞ্চলের যানজট কমাতে কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী কিচেন মার্কেটটি সরিয়ে গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বৈঠকে সচিবালয়ের আশপাশের সড়কে পার্কিং শৃঙ্খলায় আনতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, ঢাকা শহরে যত্রতত্র অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে শিগগিরই একটি পৃথক নীতিমালা তৈরি করা হবে। বৈঠকে শহরজুড়ে অননুমোদিত ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।