মক্কা প্যাক্টে অংশগ্রহণ নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা চুক্তির ব্যাপারে ইতিবাচক আলোচনা হচ্ছে। মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভূক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক। কোনো ঝুঁকি দেখছে না ঢাকা।’
এর আগে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী এক-চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে শিগগিরই প্রতিমন্ত্রী পর্যায়ের কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। সময় এখনো নির্ধারিত হয়নি।’