কাউকে হুমকির মুখে ফেলতে নয়, মক্কা চুক্তি মুসলিম দেশের আত্মরক্ষার স্বার্থে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ চুক্তি নিয়ে ঢাকার ইতিবাচক অবস্থান নিয়ে দিল্লির বিচলিত হবার কিছু নেই বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী বিষয়ে মন্ত্রী বলেন, তার কাজ মসৃণ করতেই এ উদ্যোগ। জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি পদে যোগ দিতে ঢাকা ছাড়ার আগ মুহূর্তে শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।
আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারন পরিষদের ৮১তম অধিবেশন। আগামী এক বছরের জন্য এ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
রোববার ঢাকা ছাড়ার আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতির দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষায় তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
বহুল আলোচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান ইরানের সাথে দুরত্ব তৈরি করবে কি না? বা হরমুজ প্রণালী ব্যবহারে ঢাকা কোনো বাধার মুখে পড়বে কি না- সে বিষয়ে প্রশ্ন রাখা হয় পররাষ্ট্রমন্ত্রী কাছে।
আগামী ২২ সেপ্টেম্বর সভাপতি হিসেবে জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখবেন খলিলুর রহমান। তিনি জানান প্রত্যাবাসন ছাড়া সমাধানের বিকল্প নেই, এ বিষয়ে সবাই একমত।
অন্তবর্তী সরকারের পথচলায় কিছু মতপার্থক্য থাকলেও সব উপদেষ্টার কাজে ছন্দ ছিলো বলেও মন্তব্য করেন খলিলুর রহমান।