নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার, ১ জুলাই থেকে বাস্তবায়ন

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়। 
  
নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড ১-এর বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বেোচ্চ গ্রেডে ১০০ শতাংশ এবং সর্বনিম্ন পর্যায়ে ১৪২ শতাংশ বেতন বাড়ছে। 

এছাড়া, পেনশন ভাতাও বাড়ানো হচ্ছে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। এ খাতে সরকারের ব্যয় বাড়বে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। 

চলতি বছরের ১ জুলাই থেকে এ বেতন কাঠামো কার্যকর হবে। তবে সব সুবিধা একসাথে কার্যকর হচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় মূল বেতন তিন ধাপে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, গ্রেডভিত্তিক পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানা যাবে। 

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচেয়ে এ সুখবর এল। 

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গণি বলেন, ‘সরকারি চাকরির ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেডের চাকুরেদের জন্য ১৪২ শতাংশ ও সর্বোচ্চ স্তরে ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। ১ম থেকে ১১তম  গ্রেড পর্যন্ত ১০০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। ১২ তম গ্রেডের বেতন বেড়েছে ১১৫ শতাংশ। এভাবে নিচের গ্রেডগুলোর জন্য আরও বেশি বাড়ানো হয়েছে, যা এই উপমহাদেশে সর্বোচ্চ বেতন বৃদ্ধির হার বেশি।’ 

আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাবটি উত্থাপন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকেই নতুন মূল বেতন কার্যকর হবে। তবে সরকারি বাজেটের ভারসাম্য রক্ষায় এই সুবিধা ধাপে ধাপে বা ভেঙে ভেঙে বকেয়াসহ পরিশোধ করা হবে।

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এখন সরকারি চাকরিজীবীদের মূল দৃষ্টি প্রজ্ঞাপনের দিকে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদন পাওয়ার পর নতুন বেতন কাঠামোর সরকারি গেজেট ও প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।