গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়াও, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে সোলার প্যানেল বসাতে কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান সংসদ নেতা।
জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন ৩০টি কূপ খনন করার উদ্যোগ নিয়েছে সরকার। আরও ৭টি কূপ খননের কাজ চলছে।
এছাড়া, কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে গভীর সমুদ্রে ভাসমান এলএনজি স্টেশন স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে, বলেও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিগত স্বৈরাচারের সময়; বলা যায় প্রায় সম্পূর্ণ সময় সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। তারফলে দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। ’