দুর্নীতির অভিযোগ

আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে যুব মন্ত্রণালয়ে দুদকের চিঠি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল নথিপত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সিন্ডিকেটে স্বয়ং যুব ও ক্রীড়া সচিবও অভিযুক্ত বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। 

আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এসব কথা বলেন দুদক সচিব। তিনি জানান, অভিযুক্ত ৪ জনের বিষয়ে তথ্য চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি সার্বিক অনুসন্ধানেরই অংশ।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের অনুসন্ধান তালিকায় থাকা ৪ জন হলেন: সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তৎকালীন ও বর্তমান যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।

হিসাব বহির্ভূত কয়েকটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে এই ৪ জনের বিরুদ্ধে। দুদকে জমা হওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, এই সিন্ডিকেটটি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত।

উল্লেখ্য, গতকাল বুধবার দুদকের মুখপাত্র গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

পরবর্তীতে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ তাঁর বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ নাকচ করে দেন এবং সরকার বিরোধী পক্ষকে দমন করতে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন। এসময় তিনি দুদক মুখপাত্রের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দেন।