২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন, যাত্রীবাহী ট্রেন চালু করতে দুই দেশই ইতিবাচক।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। চলছে না মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস। ট্রেনগুলো আবার চালু করতে চায় দুই দেশই।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানালেন, ঢাকা-কলকাতা রেলপথে মৈত্রী এক্সপ্রেস চালু হবে শিগগিরই।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘মনে হচ্ছে খুব শিগগিরই আমরা একটা ভালো খবর দিতে পারব মৈত্রী এক্সপ্রেসের বিষয়ে। ওই বিষয়ে একটা শুভ খবর আমার মনে হচ্ছে আসছে।’
রেলমন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে দুই দেশের রেল যোগাযোগ বন্ধ করেছিল ভারত। কীভাবে আবার চালু করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘মালবাহী ট্রেন চালু আছে। পরিবহন সক্ষমতাও বাড়ছে। যাত্রীবাহি ট্রেনটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। সেটা কীভাবে চালু করা যায়– এ ব্যাপারে দুই দেশই ইতিবাচক।’
নিজেদের স্বার্থ রক্ষা করে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে দুপক্ষই ইতিবাচক বলে জানান মন্ত্রী।