দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় নির্মূলে নিরলস চেষ্টা করছে সরকার। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পতিত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকারকে ঋণের বোঝা টানতে হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সবাইকে সাথে নিয়ে জ্বালানি সংকট সমাধানের কথা বলেন সংসদ নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সংসদকে সকল আলোচনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট দেশকে সুবিধা দিতে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনে আগ্রহ ছিল না পতিত আওয়ামী সরকারের। দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় জমেছে উল্লেখ করে সংসদ নেতা জানান, সরকার এগুলো নির্মূলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
তারেক রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে বিগত এক যুগেরও বেশি সময়, ফ্যাসিবাদের সময়, গ্যাস উত্তোলনে বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি। অনেকে বলে থাকে, বিশেষ কোনো দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে নির্বিঘ্নে গ্যাস নিয়ে যেতে পারে, সেই জন্যই বাংলাদেশের অংশে বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করা হয়নি। এই পরিস্থিতিতে সঠিকভাবে উপস্থাপন না করে এটির যদি সুযোগ নেওয়া হয়, তাহলেতো পতিত-পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ চক্রই লাভবান হবে। তাহলে এতগুলো আত্মদানের কী মূল্য থাকবে।
সরকার জ্বালানি ও বিদ্যুতের মতো সংকটকে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়েই উত্তরণ করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। সবশেষে চব্বিশের আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধে সবাইকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের আহ্বানও জানান সরকার প্রধান।