সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী দলকে তাগিদ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার সিলেটে নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। 

আজ একদিনের সফরে  সিলেট যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আধ্যাত্মিক নগরীতে পৌঁছেই জিয়ারত করেন হযরত শাহজালাল ও পরে হযরত শাহপরাণের মাজার। 

পরে বিকেলে যোগ দেন সিলেট সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায়। রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। তা গণতন্ত্র রক্ষার স্বার্থে সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে তাগিদ দেন তিনি।  

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করাটা এখন আমাদের সবচেয়ে বড়কাজ। সবচেয়ে বড় দায়িত্ব। আজকে বিরোধীদল আছেন, সরকারি দল আছেন। আমি মনে করি যে, সরকারি দল–বিরোধীদেলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রীক অবস্থাটা টিকিয়ে রাখা। প্রধান দায়িত্ব হবে, যে সংসদ আছে সেই সংসদকে কার্যকর করা।’

গণতন্ত্রের জন্য অনুকূল সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। দলনিরপেক্ষ থেকে পাঁচ বছর তার সাংবিধানিক দায়িত্ব পালনের প্রত্যয়ও জানান রাষ্ট্রপতি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ত্যাগ–তিতিক্ষার বিনিময়ে, বহু রক্তপাতের বিনিময়ে, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে, দীর্ঘকাল লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সুযোগ পেয়েছি।’

সংবর্ধনা শেষে সরকারের মন্ত্রী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি।