আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমঝোতা স্মারক সই হয়েছে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আবাহনী ও মোহামেডান ক্লাব দেশের ঐতিহ্য। এগুলো যাতে আর কখনো দলীয় করণ করা না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যে অবকাঠামো করেছে তা না ভেঙেই সংস্কার করা হবে। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আবাহনী আবাহনীর জায়গাতেই থাকবে। আবাহনী মাঠে যে স্থাপনা আছে তা ঠিক রেখে সংস্কার করা হবে। সাধারণ মানুষের জন্য মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে। পর্যায়ক্রমে সকল মাঠ খেলার উপযোগী করা হবে। ঢাকার প্রত্যেক ওয়ার্ডে ফুটসাল খেলার মাঠ করা হবে।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আবাহনী ক্লাবের সাথে মাঠ নিয়েই যে চুক্তি তা বাতিল করা হয়েছে। লিজের অর্থ দেয়নি এবং যে শর্ত ছিল তা মানেনি এজন্য চুক্তি বাতিল করে ক্রীড়া মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে।