জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে এটি একটি ঐতিহাসিক সফর বলেও উল্লেখ করেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ও রূপকল্প তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশপ্রেম ধারণ করে একই পথে বাংলাদেশের স্বার্থ ও অধিকারের কথা তুলে ধরবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণ পেশ করবেন।
সফরের সংক্ষিপ্ততা ও বহরের আয়তন সম্পর্কে মাহ্দী আমিন জানান, সনাতনী ধারা ভেঙে প্রধানমন্ত্রী যাতায়াতের দুদিন বাদে মাত্র চার কর্মদিবস নিউইয়র্কে অবস্থান করবেন। ৩৫ সদস্যের একটি সংক্ষেপিত আনুষ্ঠানিক প্রতিনিধিদলের সঙ্গে এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এসেছেন। সফরকালে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ ও পরবর্তীতে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান হওয়ায় আলাদাভাবে এ ধরনের দ্বিপাক্ষিক আলোচনার তেমন সুযোগ নেই।